বিচারিক জীবন থেকে অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম। বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় গতকাল বুধবার ছিল তার শেষ কর্মদিবস। তার অবসর উপলক্ষে আপিল বিভাগের এক নম্বর এজলাসে (প্রধান বিচারপতির এজলাস) তাকে বিদায়ী সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সুপ্রিম কোর্ট বারের পক্ষে সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিচারপতি সৈয়দ জিয়াউল করিমের উদ্দেশে বিদায়ী ভাষণ ও সংবর্ধনা দেন। সৈয়দ জিয়াউল করিম গত ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
সৈয়দ জিয়াউল করিম রসায়নে স্নাতক, আইনে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে জেলা ও দায়রা আদালতে, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৬ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং দুই বছর পর স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। বিচারপতি সৈয়দ জিয়াউল করিমের অবসরের পর আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ এখন বিচারপতি সংখ্যা পাঁচজন।
