তথ্য উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো

  • আন্তর্জাতিকভাবে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান নাহিদ
  • জিপিজি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তথ্য উপদেষ্টা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:০০ এএম

রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন নাহিদ।

প্রতিনিধিদলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়নমন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম উল্লিখিত মন্তব্য করেন।

প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া ও বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করাই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ।

আন্তর্জাতিকভাবে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে নাহিদ বলেন, ‘এত অল্প সময়ে এত বড় এক স্বৈরশাসকের পতন কীভাবে হলো, তা মানুষ বুঝতে পারছে না। ফলে দেশের ভেতরে ও বাইরে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।‘

তিনি বলেন, ‘একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দায়িত্ব নিয়েছে। এটা একটি অভিনব ঘটনা যা এর আগে কখনো ঘটেনি। পৃথিবীর অন্য কোন দেশে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। আমরা এরকম পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করছি।‘

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের দীর্ঘদিন ধরে মানবাধিকার সংকট চলছে, মানুষ ভোট দিতে পারত না, কয়েক হাজার মানুষকে গুম করে ফেলা হয়েছে। একটা দমবন্ধ অবস্থার মধ্যে দেশের মানুষ ছিল। তাই মানবাধিকার রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। জিপিজি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারকে সব রকম সহায়তার আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত