পেপ গার্দিওলার নাম শুনলেই ফুটবলপ্রেমীদের চোখে ভেসে ওঠে একাধিক সাফল্যের স্মৃতি। তবে ম্যানচেস্টার সিটিতে তার ক্যারিয়ারের সময়কালে একটি ভুলের কথা বারবার উঠে আসে- কোল পামারকে বিক্রি করা। কিন্তু সম্প্রতি আরেকটি ভুল তার গার্দিওলার শান্তি কেড়ে নিয়েছে, সেটি হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে আতলেতিকো মাদ্রিদে ছেড়ে দেওয়া।
২০২৪ সালের আগস্টে আলভারেজ যখন ৮১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন, তখন গার্দিওলা নিজেই বলেছিলেন, "এটি একটি সমস্যা হতে পারে।" তবে তিনি অনুমান করতে পারেননি, আলভারেজ এত দ্রুত লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে এমন প্রভাব ফেলবেন।
বুধবার চ্যাম্পিয়নস লিগে তুরিনে জুভিন্তাসের কাছে ২-০ গোলে হারে ম্যানসিটি। তার আগে মাদ্রিদের মেত্রোপলিতানোতে আলভারেজের গোল আর অ্যাসিস্টে আতলেতিকো মাদ্রিদ হারায় স্লোভান ব্রাতিসলাভাকে। ২৪ বছর বয়সী আলভারেজ নতুন ক্লাবের হয়ে ১২তম গোল করেছেন এ ম্যাচে। আন্তোয়ান গ্রিজমানের দুগোলেও ছিল তার অবদান। এতে টানা ১০ ম্যাচ জিতেছে আতলেতিকো।
গ্রিজমান আলভারেজের কার্যকারিত সম্পর্কে বলেছেন, 'জুলিয়ান একজন অসাধারণ খেলোয়াড়। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা গর্বিত। আশা করি আমরা একে অপরকে আরও সাহায্য করতে পারব।'
অন্যদিকে, ম্যানচেস্টার সিটি বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফিল ফোডেন, কেভিন ডি ব্রুইন, জ্যাক গ্রিলিশ এবং জেরেমি ডোকু ইনজুরির কারণে ছিটকে গেছেন, আর এর প্রভাব সরাসরি দলের পারফরম্যান্সে পড়েছে। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে নেমে গেছে তারা। চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো উঠেছে ১১-তে আর সিটি নেমে গেছে ২২তম স্থানে।
গার্দিওলার সিটির হয়ে আলভারেজ দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তবে এর পরেও তাকে দ্বিতীয় সারির খেলোয়াড় হিসেবেই রাখা হয়েছিল, কারণ আরলিং হালান্ড ছিলেন প্রথম পছন্দ।
আলভারেজের সিদ্ধান্ত ছিল নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। গার্দিওলা চেষ্টা করেছিলেন তাকে ধরে রাখার, কিন্তু আলভারেজ মনে করেছিলেন তার সময় শেষ। গার্দিওলা বলেছিলেন, "সে আমাদের খুবই প্রিয় ছিল, তবে দীর্ঘদিন খেলার সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য খারাপ।"
আলভারেজ সিটির হয়ে ৩৬ গোল এবং ১৮ অ্যাসিস্ট করেছিলেন, কিন্তু তবুও তিনি হালান্ডের ছায়ায় ছিলেন। এখন তার পারফরম্যান্স দেখে সিটির সমর্থকরা প্রশ্ন তুলছেন, আলভারেজকে ছাড়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল?
বর্তমানে, আলভারেজের চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ৯ গোল এবং ৩ অ্যাসিস্ট তাকে বিশেষ অবস্থানে নিয়ে গেছে। এমনকি তার রেকর্ড লিওনেল মেসির প্রথম ১২ গোলের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
গার্দিওলার এই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতে ম্যানচেস্টার সিটির জন্য আরও জটিলতা তৈরি করবে। আলভারেজ এখন আতলেতিকো মাদ্রিদে শুধু গোল করছেন না, তিনি তাদের প্রতিযোগিতামূলক লিগে শীর্ষ তিনে থাকতে সাহায্য করছেন।
গার্দিওলা কদিন আগে বলেছিলেন আলভারেজকে ছেড়ে দেওয়া '"হয়তো এটি একটি ভুল ছিল, আমি জানি না, কিন্তু আমি খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে না খেলিয়ে বসিয়ে রাখতে পছন্দ করি না।"
সৌদি বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা, বললেন রোনালদো
সোহানের বুলস আই থ্রোতে রানআউটের হ্যাটট্রিক