কমলা-মাস্ককে পেছনে ফেলে টাইমের বর্ষসেরা ট্রাম্প 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করে টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই প্রভাবশালী মার্কিন সাময়িকী তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিল। প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালে ট্রাম্প বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছিলেন।

২০২৪ সালের বর্ষসেরা পুরস্কারের জন্য অন্তত ১০ জনের নাম বিবেচনায় নিয়েছিল টাইম। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সের মালিক ইলন মাস্কও ছিলেন।

টাইম ম্যাগাজিন বলছে, ঐতিহাসিক প্রত্যাবর্তন, প্রজন্মের রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্বদান, আমেরিকান প্রেসিডেন্সির পুনর্নির্মাণ এবং বিশ্বে আমেরিকার ভূমিকা পরিবর্তন করার জন্য  ট্রাম্প টাইমের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস জানিয়েছেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ভালো কিংবা খারাপ যাই হোক না কেন ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তির খেতাব দেওয়া শুরু করে টাইম ম্যাগাজিন। অতীতে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ, পোপ ফ্রান্সিস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টাইমের বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত