শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনর কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমন করবেন। এ উপলক্ষে অত্র এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিতে ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) পরিহার করে নিম্নবর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।
বিকল্প সড়ক: যে সকল যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে; যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে; যে সকল যানবাহন মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর হতে মিরপুর-১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলী’র দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে; গাবতলী হতে ঢাকা মুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে; এবং দারুসসালাম থানা এলাকা হতে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টার-এর রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।
কমলা-মাস্ককে পেছনে ফেলে টাইমের বর্ষসেরা ট্রাম্প 