ভারতীয় ক্রিকেটের একসময়ের প্রতিভাবান ব্যাটার বিনোদ কাম্বলি বর্তমানে শারীরিক ও আর্থিক সমস্যার মুখে। শরীর ভেঙে পড়েছে, আর্থিক সামর্থ্য নেই সঠিক চিকিৎসার। নিজের পুরনো সতীর্থ এবং কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব ও শচিন টেন্ডুলকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন কাম্বলি।
কাম্বলির মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। মাসখানেক আগে সংক্রমণের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। এখন কিছুটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এক সাক্ষাৎকারে কাম্বলি বলেন, ‘আমি রিহ্যাবে যেতে প্রস্তুত। আমার ভয় নেই, কারণ জানি আমার পরিবার আমার পাশে রয়েছে।’
সম্প্রতি রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়েছিল কাম্বলি ও শচিন টেন্ডুলকারকে। মঞ্চে উপস্থিত হয়েই শচিন বন্ধুর কাছে এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেন। দুই বন্ধুর হাসিমাখা সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যদিও বন্ধুর অসুস্থতা তখন স্পষ্টই ছিল।
কাম্বলি জানান, শচিন অতীতেও তাকে আর্থিক সহায়তা করেছেন। ২০১৩ সালে তার দুটি অস্ত্রোপচারের সময় শচিন পাশে দাঁড়িয়েছিলেন। তবে একসময় হতাশা থেকে কাম্বলি অভিযোগ করেছিলেন যে শচিন তার পাশে ছিলেন না। এখন সে কথা তিনি স্বীকার করে বলেন, ‘শচিন সবসময় আমার জন্য কিছু না কিছু করেছে। আমি হতাশা থেকে ভুল কথা বলেছিলাম। সে আমার ছেলেবেলার বন্ধু এবং সবসময় আমাকে সাহায্য করেছে।’
কাম্বলির এই কঠিন সময়ে প্রথম যোগাযোগ করেন সুনীল গাভাস্কার। তাকে নিজের ছেলের মতো মনে করেন গাভাস্কার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দল সবসময় পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের খেয়াল রাখে। ভাগ্য যখন তাদের সঙ্গে থাকে না, আমরা পাশে দাঁড়াই। সাহায্য নয়, এটি তাদের প্রতি আমাদের দায়িত্ব। কাম্বলির পাশে দাঁড়াতে আমরা সব ধরনের চেষ্টা করব।’
কাম্বলি স্বীকার করেন, অতীতে তার মদ্যপানের অভ্যাসই শারীরিক অবস্থার অবনতির মূল কারণ। তবে গত ছয় মাস ধরে তিনি মদ ও সিগারেট থেকে দূরে আছেন। সন্তানদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে কাম্বলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে যোগাযোগ ও সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন। আশা করা হচ্ছে, কাম্বলি তার জীবনে পুনরায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন এবং ক্রিকেট জগতের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্যে আবার নতুনভাবে জীবন শুরু করবেন।
ঘুষ নেওয়ার দায়ে কোচের ২০ বছরের কারাদণ্ড
লিগে নিষিদ্ধ হতে পারে ম্যানসিটি, অনিশ্চয়তায় ফুটবলাররা
ঘানার তারকা মোহাম্মদ কুদুসে নজর আর্সেনালের