চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচ দুবাইয়ে, প্রথম খেলা বাংলাদেশের সঙ্গে!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একটা সমাধান হলো বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘ফিউশন ফর্মুলা’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে। এই ফর্মুলায় আট দলের এই টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলবে।

পরিবর্তে, পাকিস্তান দল ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে যাবে না, এবং তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভারতের সঙ্গে ম্যাচও থাকবে। তবে, ওই টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলো সম্পর্কে সিদ্ধান্ত সময়ের কাছাকাছি গিয়ে নেওয়া হবে।

আইসিসির শীর্ষ পর্যায়ের ক্রিকেট পরিচালনা সংস্থার একটি অনানুষ্ঠানিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম। 

প্রস্তাবিত সূচী অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত খেলবে প্রথম ম্যাচ, যার প্রতিপক্ষ বাংলাদেশ। ভারত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের সঙ্গে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে।  ১মার্চ হবে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান খেলা। 

প্রস্তাবিক ফিকশ্চার

তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই হাইব্রিড মডেল মেনে নেওয়ার বিনিময়ে পিসিবি আর্থিক ক্ষতিপূরণ পাবে না। তবে, ২০২৭ সালের পর একটি আইসিসি নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অধিকার পেয়েছে।

এ বিষয়ে আইসিসি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

আট দলের এই টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে, তবে এখনো পুরো সূচি ঘোষণা করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত