আওয়ামী লীগ বিজেপির ভোটের রাজনীতিতে হাওয়া দিচ্ছে: জুনায়েদ সাকি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে আওয়ামী লীগ এখন বিজেপির ভোটের রাজনীতিতে হাওয়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেছেন, ফ্যাসিস্টরা শক্তিশালী হলেও তাদের ষড়যন্ত্রের জাল আমাদের শক্তির চেয়ে বেশি নয়। আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভারতে বিজেপির ভোটের রাজনীতিতে হাওয়া দিচ্ছে। তাদের এসব ষড়যন্ত্রমূলক তৎপরতার ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। এদের রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুনায়েদ সাকি বলেন, এই সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই। কীভাবে সফল করা যায় সে বিষয়েই রাজনৈতিক ঐক্য তৈরি করতে হবে। সরকারের রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক উত্তরণে সাফল্যের জন্য সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী ও স্বনির্ভর করতে হবে। সব উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্র  হবে স্থানীয় সরকার।

সরকারকে জবাবদিহির আওতায় আনার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন, আমাদের সরকারের জবাবদিহির মধ্যে আনতে হবে। জনগণের কাছে প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহি নেই। দুই টার্ম (মেয়াদ) থাকলেও তো তিনি ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, তাকে অবশ্যই জবাবদিহি করা উচিত।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, আমরা মনে করি, সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষসহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করবে।

রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটি এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য আল আমিন শেখ।

বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, নারীনেত্রী ও উন্নয়ন সংগঠক শিলভী হারুন, অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. অলিয়ার রহমান শেখ, ঝিনাইদহ জেলা আহ্বায়ক নজরুল ইসলাম, খুলনা মহানগর জেএসডির সভাপতি খান লোকমান হাকিম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত