অভিনেতা আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। এ দক্ষিণী অভিনেতা জামিনে বেরিয়ে আসায় বিস্ফোরক মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, বড়মাপের মানুষ হলেই দায় এড়ানো যায় না। যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। এ ঘটনায় প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।
জানা গেছে, বাড়ির বেডরুম থেকে গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে। হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে উপচে পড়েছিল মানুষের ঢল। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। এ ঘটনায় অভিযোগ দায়ের হয় এ অভিনেতার বিরুদ্ধে। এর পর গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেফতার করা হয় দক্ষিণী তারকাকে। তবে কিছুক্ষণের মধ্যেই আল্লুকে অন্তর্বর্তী জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট। এবার সেই ঘটনায় অভিনেতাকে জামিন দেওয়ায় একহাত নিলেন কঙ্গনা রানাউত।
কঙ্গনা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি নিজে আল্লু অর্জুনজির বড় সমর্থক। কিন্তু এটিও বলব— কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু উচ্চস্তরের মানুষ বলেই কোনো ফল ভোগ করতে হবে না— এমন যেন না হয়। মানুষের জীবনের দাম দেওয়া যায় না। সমাজে যাদের প্রভাব রয়েছে, তাদের চলার পথে আরও সতর্ক থাকা উচিত। প্রেক্ষাগৃহে ওরা উপস্থিত ছিলেন। তাই প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।’
