ওষুধের মূল্য বৃদ্ধি ও ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে গাজীপুরে প্রতিবাদ সভা এবং বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতির সাবেক সভাপতি মো: শাহজালাল বাচ্চুর কুশপুত্তলিকা পুড়ানো হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির গাজীপুর জেলা কমিটির সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজী মো. আখতার-উজ-জামান, সহসভাপতি মো. আশরাফুল ইসলাম খান, বাবুল হোসেন, মামুনুর রশিদ, জাহাঙ্গির আলম, মজিবুর রহমান, মমিনুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতির সাবেক সভাপতি মো: শাহজালাল বাচ্চুর কুশপুত্তলিকা পুড়ায় বিক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত হাসিনা সরকারের আমলে সারা বাংলাদেশে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে। ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে ঔষধের অধিক মূল্য বৃদ্ধি, কেমিষ্টদের ব্যবসায়িক কমিশন কমানো ও কেমিস্টসদের মধ্যে বিভক্তিকরণ, বিদেশি ঔষধ আমদানি করে অতিমাত্রায় ১০গুন ঔষধের মূল্য বৃদ্ধি করে বাজার জাতকরন হয়েছে। এসবের মূল হোতা বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতির সাবেক সভাপতি মো: শাহজালাল বাচ্চু গং,।
তারা আরও বলেন, ‘তাদের সিন্ডিকেট বাণিজ্যের কারণে ওষুধ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মো: শাহ জালাল বাচ্চু গংরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় আছে। যার কারণে প্রতিনিয়ত ঔষধের মূল্য বৃদ্ধি পাচ্ছে।‘
বক্তারা এসব সিন্ডিকেট ভেঙ্গে ঔষধের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
