তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক যুবকের। আহত যুবকের নাম জিসান (২৫)। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন পথশিশু তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

তারা জানায়, জিসান তেজগাঁও রেলস্টেশন এলাকায় থাকেন। তার পেশা ভাঙারি সংগ্রহ করা। শনিবার দুপুরে তিনি রেললাইন পার হওয়ার সময় কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনের নিচে পড়েন। এতে তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পাও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া তিনি মুখমন্ডল ও মাথায় আঘাত পেয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, জিসান নামে ওই যুবকের অবস্থা মুমূর্ষু। এই ঘটনায় তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত