‘কাবির সিং’ ও ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আর এবার প্রভাস অভিনীত আরও একটি হিট সিনেমা বানাতে চলেছেন তিনি। সিনেমাটিতে প্রভাসকে একজন পুলিশ কর্মকর্তা রূপে দেখা যাবে। ২০২৫ সালের শুরুতে সিনেমাটির অভিনয় শুরু হবে, যা মুক্তি পাবে ২০২৬ সালে।
‘স্পিরিট’ নামের এই সিনেমায় প্রভাসের বিপরীতে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে। এছাড়া খলনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের বিপরীতে প্রধান নারী চরিত্রে ম্রুনাল ঠাকুরের সঙ্গে আলোচনা করছেন। সূত্রটি সংবাদমাধ্যমকে বলেছে, ‘স্পিরিট’ ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাভিলাষী এবং প্রতীক্ষিত চলচ্চিত্র। নির্মাতারা বিশ্ব চলচ্চিত্রের সেরা এবং সবচেয়ে প্রতিভাবান অভিনেতাদের এই ছবিতে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।
প্রভাসকে পুলিশের ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। তবে ম্রুনাল ঠাকুর, সাইফ আলি খান এবং কারিনা কাপুরের সঙ্গে আলোচনা চলছে।
যারা গল্পটি শুনেছেন তাদের মতে, ভাঙ্গার এই সিনেমায় প্রভাসকে নতুনরূপে দেখা যাবে, যা দর্শকরা আগে কখনো দেখেনি। সাইফ এবং কারিনাও বেশ আকর্ষণীয় ভূমিকা রাখবেন। যদি তারা চুক্তিবদ্ধ হন তবে বাস্তব জীবনের এ দম্পতিকে প্রথমবারের মতো কোনো খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
