পঞ্চগড়ে টানা তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে, গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে। এরপর শুরু হয় চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। টানা তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
স্থানীয়রা জানায়, প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাপানো শীত অনুভূত হচ্ছে। দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তারতম্য নির্ভর করে বাতাসের দিক ও গতির ওপর। সাধারণত শীতকালে বাতাসের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বা তারও বেশি হয়। কোনো অঞ্চলে দীর্ঘক্ষণ কুয়াশা পড়লে শীত বেশি হয়। কারণ সূর্যের আলো কুয়াশা ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। ফলে ঠাণ্ডা বেশি অনুভূত হয় বলে জানান এই আবহাওয়াবিদ।
জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, জেলার শীতার্ত ও গরীব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দুই দফায় ১২ হাজার কম্বল ও স্থানীয়ভাবে কম্বল ক্রয় করে বিতরণের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব কম্বল ও অর্থ জনসংখ্যার ভিত্তিতে পাঁচটি উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকার বাতাস আজ ‘বিপজ্জনক’, ৬ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’
জিয়া নামে যত যন্ত্রণা