আল্লু অর্জনের গ্রেপ্তারিতে সিনেমার আয় বেড়েছে ৭১ শতাংশ! 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

কারাগারে আল্লু অর্জুনের এক দিনের বাস, আর তাতেই তরতর করে বেড়েছে তার সদ্য মুক্তি  পাওয়া ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আয়। বিশেষ করে দেশে। সারা বিশ্বের আয়ের নিরিখে আগেই হাজার কোটি ছাড়িয়েছে ছবিটি। এবার শুধু ভারতেই আটশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এটি। শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় পাঁচশো কোটি ছাড়িয়ে গেছে।

শুক্রবার দিনভর যা চলেছে, তা সিনেমাকেও হার মানায়। আল্লু অর্জুনের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া – এসব নিয়ে সরগরম ছিল সিনেদুনিয়া।

গত ৪ ডিসেম্বর, হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড়ে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। আদালতে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় আল্লু অর্জুনকে।

এর পরই সন্ধ্যায় আল্লু অর্জুনকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েকঘন্টার মধ্যেই ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান ‘পুষ্পা’। তবে সময়মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছানোতে শুক্রবার গোটা রাত গারদেই কাটাতে হয় অভিনেতাকে। 

এর পর শনিবার সকাল ৬.৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা থেকে বেরিয়ে আসতে দেখা যায় ‘পুষ্পা’কে। তারপর দিনভর তারকার বাড়ির সামনে ছিল অনুরাগীদের ভিড়। দক্ষিণী তারকারাও এসেছিলেন দেখা করতে।

পরে সাংবাদিকদের সামনে এসে আল্লু সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেন এবং নিহত নারীর পরিবারের পাশে থাকার কথাও জানান। নায়কের এমন ব্যবহার অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। 

তাতেই ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আয়ের গতি হয়েছে তরান্বিত। শনিবারের হিসেবে সারা বিশ্বের ছবির আয় ১০৬৭ কোটি রুপি। অর্থাৎ ১১০০ কোটির মাইলস্টোন। দেশে ছবির মোট আয় ৮২৪ কোটি রুপি। 

শোনা গেছে, আল্লুর গ্রেপ্তারির পর ছবির আয় ৭১ শতাংশ বেড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত