আরেকটি ভালো ম্যাচ খেললেই সিরিজ জয় সম্ভব, মনে করেন লিটন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ এএম

কিংস্টনে উইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে লাল-সবুজরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়ার পর তার দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। 

ম্যাচ শেষে উইকেটের আচরণ নিয়ে সন্তুষ্ট না হলেও দলের বোলারদের প্রশংসা করেছেন তিনি, 'আমরা এর আগেও এখানে খেলেছি। তবে উইকেট দেখে যেমনটা ভেবেছিলাম, তেমনটা হয়নি। ব্যাটিংয়ের সময় আমরা বুঝতে পারছিলাম উইকেটটা ততটা ভালো নয়। আমরা ভেবেছিলাম ১৫০-১৬০ রানই ভালো স্কোর হতে পারে। আমাদের বোলারদের সামর্থ্য সম্পর্কে জানতাম, তাই এই রান নিয়েও লড়াই করার আত্মবিশ্বাস ছিল।'

অধিনায়ক আরও যোগ করেন, তিনি দলের কাছ থেকে আক্রমণাত্মক ক্রিকেট দেখতে চান। তার মতে, বর্তমান ফর্মে দল ভালো খেলছে এবং কোয়ালিটি ক্রিকেট উপহার দিচ্ছে।

আত্মবিশ্বাসী কণ্ঠে লিটন বলেন, 'আমাদের দল এখন ভালো ক্রিকেট খেলছে। পুরো সফরটা অনেক লম্বা ছিল। তবে প্রথম টি-টোয়েন্টিতে জেতাটা আমাদের জন্য দারুণ শুরু। আরেকটি ম্যাচে ভালো খেলতে পারলে সিরিজ জয় সম্ভব।'

দলের সাফল্যের জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন লিটন। তার মতে, প্রতিপক্ষকে চাপে রাখতে হলে এমন বোলিং আক্রমণই প্রয়োজন। এখন দেখার পালা, সিরিজের পরবর্তী ম্যাচে বাংলাদেশ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত