প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হবে 'জাতীয় ঐকমত্য গঠন কমিশন'

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ এএম

দেশ সংস্কারের লক্ষ্যে গঠিত ৬ সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হবে ‘জাতীয় ঐকমত্য কমিশন’। আর এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, যেকোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শিগগির চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি। আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি 'জাতীয় ঐকমত্য গঠন কমিশন' প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি।‘

এই কমিশনের কাজ সম্পর্কে ড. ইউনূস বলেন, ‘এর কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতবিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা।‘

তিনি বলেন, 'যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ।‘

প্রধান উপদেষ্টা আরও জানান, ‘কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য যোগ করতে পারবে। প্রথম এই ছয়টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাবার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত