২ দিনের রিমান্ডে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার (৩২) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এর আগে ছাত্রলীগ নেত্রী রিভাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

নানা সময়ে 'বিতর্কিত কর্মকাণ্ডের' জন্য আলোচিত রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত