পরের সিনেমায় আরও চমক আছে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২২ এএম

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী মন্দিরা চক্রবর্তী। ঘুরে বেড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও। এত ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। প্রায়ই ফেসবুকে নানা মুহূর্তের স্থির চিত্র এবং ভিডিও পোস্ট করেন।

‘কাজল রেখা’ মুক্তি পেলেও ‘নীল চক্র’ নামে আরেকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তিনি বলেন, শিগগিরই নতুন আরও একটি সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে। আপাতত কিছুই বলতে চাচ্ছি না। তবে আমার তৃতীয় সিনেমাটিও হতে যাচ্ছে অনেক চমকের। সেই সঙ্গে আমার ক্যারিয়ারের জন্যও ভালো কিছু। আপাতত নতুন সিনেমাটির আনুষঙ্গিক নানা কাজ নিয়ে ব্যস্ত আছি। সময় হলে সবাইকে জানাব।

কাজের বাইরে এই অভিনেত্রী ঘুরতে এবং খেতে খুব ভালোবাসেন। তার ঘরে বসে থাকতে ভালো লাগে না। এ বিষয়ে মন্দিরা বলেন, ‘ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। দেশে হোক বা বিদেশে, আমি ঘুরতে ভালোবাসি। নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে। তবে সমুদ্র আমাকে খুব টানে। সমুদ্রে যেতে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হোক দেশে বা দেশের বাইরে। ঠিক ঘোরাঘুরির মতো আমি খেতেও ভালোবাসি। বাংলা খাবার এই যেমন ভাত-ভর্তা, মাংস এগুলো খেতে আমার ভালো লাগে। এগুলোর বাইরে পিৎজা আমার খুব খুব পছন্দ।’

পছন্দের তারকাদের নিয়ে ভক্তদের মনে নানান কৌতূহল থাকে। অভিনয় করার পাশাপাশি মন্দিরা একজন অসাধারণ নৃত্যশিল্পী সেটা সবাই জানে। কিন্তু অভিনয় আর নাচ বাদে মন্দিরা আর কী পারে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি টুকটাক ছবি আঁকতে পারি। রান্না করতে ভালো লাগে। তবে দুয়েকটা আইটেম বাদে সবকিছুই রান্না করতে পারি।’

মন্দিরা আরও বলেন, ‘কালো এবং সাদা এই দুটো রঙ আমার খুব পছন্দের। যদিও সোশ্যাল মিডিয়ায় বা নানান অনুষ্ঠানে আমাকে নানা রঙের পোশাকে দেখা যায়। আমি আসলে জায়গা বা ধরন বুঝে পোশাক পরতে পছন্দ করি। কোনো ফেস্টিভ্যালে তো কালো রঙের কিছু পরে যেতে পারব না। তাই সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর।’

আবারও অভিনয় প্রসঙ্গে, প্রথম সিনেমা ‘কাজলরেখা’ করার পর নিশ্চয়ই আরও অনেক সিনেমার অফার পেয়েছেন, এমন প্রশ্নে তার জবাব, ‘হ্যাঁ। আমি সিনেমায় আসার আগে থেকেই অফার পেয়েছি। সবকিছু নিয়েই আমি খুব চুজি। খুব বেছে বেছে কাজ করতে চাই। কয়টা কাজ করেছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। ভালো মানের কাজ একটা হলেও সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত