এবং ব্যর্থতার গল্প বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারে বহু জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন, যার মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, অনিল কাপুর এবং জিতেন্দ্র। শ্রীদেবীর তারকাখ্যাতি এতটাই উজ্জ্বল ছিল যে অনেক সময় ছবির নায়কও তার জনপ্রিয়তার সামনে ম্লান হয়ে যেতেন। তবে এই গৌরবময় ক্যারিয়ারে এমন একটি ছবির গল্প রয়েছে, যেটি ১০ বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল এবং শেষমেশ মুক্তি পেয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
১৯৯৪ সালে শুটিং করা ছবি ‘মেরি বিবি কা জওয়াব নহি’ সিনেমাতে শ্রীদেবী এবং অক্ষয় কুমারকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যায়। পরিচালনায় ছিলেন পঙ্কজ পরাশর। কিন্তু অজানা কারণে এই ছবির মুক্তির তারিখ একের পর এক পিছিয়ে যায়। অবশেষে ২০০৪ সালে ছবিটি মুক্তি পেলেও তা বক্স অফিসে সম্পূর্ণ ব্যর্থ হয়। দর্শকরা ছবিটির শেষ পর্ব বা ক্লাইম্যাক্সের অভাবের জন্য ছবিটিকে প্রত্যাখ্যান করেন।
শুটিংয়ের সময় একটি ঘটনার কথা স্মরণ করে পরিচালক পঙ্কজ পরাশর জানান, একটি গুরুত্বপূর্ণ কোর্টরুম দৃশ্যে অক্ষয় কুমার বারবার সংলাপ ভুল করছিলেন, যা শ্রীদেবীকে বিরক্ত করছিল। পঙ্কজ পরাশর বলেন, “অক্ষয় খুব নার্ভাস হয়ে যাচ্ছিল। শ্রীদেবী এসে আমাকে বললেন, ‘ওকে রিহার্সাল করাও, এটা ওর ৩৬তম টেক চলছে।’ আমি চেয়েছিলাম অক্ষয় একবারেই পুরো সংলাপ বলুক, কারণ দৃশ্য ভাগ করলে অভিনেতার আত্মবিশ্বাস নষ্ট হয়। অবশেষে যখন অক্ষয় ঠিকভাবে সংলাপ বললেন, সেটে সবাই হাততালি দিয়েছিল।”
শ্রীদেবী তখন অক্ষয়ের প্রতিভা স্বীকার করেন কিন্তু এই ছবির পর আর কখনো তারা একসঙ্গে কাজ করেননি। ‘মেরি বিবি কা জওয়াব নহি’ ছবির মুক্তি দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর হলেও, ক্লাইম্যাক্সের অভাব এবং দুর্বল কাহিনির কারণে ছবিটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়।
‘চাঁদনি’, ‘লামহে’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘নাগিনা’, ‘সাদমা’, ‘ইংলিশ-ভিংলিশ’ এর মতো বহু সিনেমায় তার অভিনয়ে মাত হয়েছিল বলিউড। পেয়েছিলেন পদ্মশ্রী। শেষ চলচ্চিত্র ‘মম’র জন্য মরণোত্তর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন এই বলিউড ডিভা।
অনলাইন অবলম্বনে
মুমতাহিনা মেহনাজ অনিভা
