‘এলোমেলো হাঁটায়’ ২৫ এএসপি শোকজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ এএম

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশিক্ষণকালে দৌড়ের নির্দেশ দিলে অন্যদের যোগসাজশে তা না করে এলোমেলোভাবে হেঁটেছেন। গতকাল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫ এএসপিকে শোকজ করার কথা গতকাল সোমবার জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর। এর আগে গত রবিবার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) তানভীর সালেহীন ইমনের সই করা চিঠিতে তিন দিনের মধ্যে তাদের কাছে ব্যাখ্যা তলব করা হয়।

এর আগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তিন দফায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৬৯ উপপরিদর্শককে (এসআই) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিসে বলা হয়েছে, ‘গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌড়ের নির্দেশ দিলে আপনি আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে মাঠের অন্য প্রশিক্ষণার্থীরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। আপনাকে বারবার দৌড়ানোর কথা বলা হলেও আপনি তার কথায় কোনো কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্য সহযোগীদের এরূপ কর্মকা-ের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে আপনার এরূপ আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করে এবং মাঠের অন্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করে। আপনার এরূপ কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচরণের শামিল।’

এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায় আপনার এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রতিবেদন পাঠানো হবে না, তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিস প্রাপ্তির তিন দিনের মধ্যে আপনার লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

এর আগে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে তিন দফায় ৩৬৯ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর ২৫২ ও ২৫ অক্টোবর ৫৯ জনকে শোকজ করা হয়। সর্বশেষ ৪ নভেম্বর চাকরিচ্যুত করা হয় ৫৮ জনকে। এ ছাড়া গত ১৯ নভেম্বর একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের এএসপি ক্যাডেট ও ৪০তম এসআই ক্যাডেটদের সমাপনী প্রশিক্ষণ কুচকাওয়াজ দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়।

বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সারদা পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিতে হয়। সেই প্রশিক্ষণ শেষ হয় সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে। ৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারে ছাত্রলীগ নেতাদের নিয়োগ পাওয়ার খবর নিয়ে ১৯ অক্টোবর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এরপর কুচকাওয়াজের একদিন আগে প্রথম দফায় সেটি স্থগিত ঘোষণা করা হয়েছিল।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছয়টি বিসিএসে পুলিশে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ‘আমলনামা’ নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ করে ২৮, ৩৫, ৩৬, ৩৭, ৪০ ও ৪১তম ব্যাচের পুলিশ কর্মকর্তাদের বিষয়ে আট তথ্যের সন্ধান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত