সপ্তাহ খানেক আগেই রাধিকা আপ্তে জানিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। লন্ডনের চলচ্চিত্র উৎসবে তার বেবি বাম্প সকলের নজরে আসে। প্রেগন্যান্সিতেও খুব একটা ছবি বা ভিডিও শেয়ার করেননি অভিনেত্রী।
তবে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর দিয়েছেন ‘পার্চড’ খ্যাত অভিনেত্রী।
কালো রঙের হাইনেক সোয়েটার পরে ল্যাপটপের সামনে বসে অভিনেত্রী। আর কোলে ছোট্ট সোনা। যা দেখে বোঝা গেল মা হয়েছেন রাধিকা। ছবির ক্যাপশনের মাধ্যমে বুঝিয়েছেন রাধিকার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান।
একরত্তিকে স্তন্যপান করানোর মধ্যেই ল্যাপটপে কাজ করছেন রাধিকা। অভিনেত্রী জানিয়েছেন, মেয়ের জন্মের এক সপ্তাহের মধ্যেই কাজে ফিরেছেন রাধিকা। পরিবারে লক্ষ্মীর আগমনে খুশি অভিনেত্রী। মেয়েকে নিয়ে হাসি মুখে মিটিং সারছেন।
এবার সমাজমাধ্যমের পেজে রাধিকা শেয়ার করলেন বেবি বাম্পের ছবি। সন্তান জন্মের আগে তোলা হলেও মেটারনিটি ফটোশুটের ছবিগুলো তখন শেয়ার করেন নি। সম্প্রতি ফটোশুটের রঙিন মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। সেই সঙ্গে লিখলেন প্রেগন্যান্সির জার্নির কথা।
তিনি লেখেন, ‘আমার প্রেগন্যান্সিটা কোনও দুর্ঘটনা ছিল না। তবে এখনও এটা আমার কাছে খুব আশ্চর্যের। সন্তানের জন্মের এক সপ্তাহ আগে এই ফটোশ্যুট করেছি। এটাই সত্যি যে, প্রেগন্যান্সির জার্নিতে আমার যে পরিশ্রম, আমার চেহারার বদল সেটাই তুলে ধরতে চেয়েছিলাম।’
অভিনেত্রী যোগ করেন, ‘শরীরের ওজন বেড়েছিল। কিন্তু, আমি সেদিকে তাকাইনি। আমার শরীর ধীরে ধীরে ফুলেছে। পেলভিসে ব্যথা হত। রাতে ঘুম কম হওয়ার জন্য অনেক সমস্যা তৈরি হয়েছিল। মাতৃত্বের দুসপ্তাহ কাটতেই আমার চেহারায় ফের বদল ঘটেছে।’
অন্তঃসত্ত্বাকালীন ছবি পোস্ট করে রাধিকা আরও লেখেন, ‘নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, নতুন অনেক কিছু আবিষ্কার করেছি। ভিন্ন আঙ্গিকে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি। এই ছবিগুলোতে সেই সময়ে কঠিন জার্নির ছাপ একেবারে স্পষ্ট। কিন্তু, আজ যখন এগুলো দেখছি তখন ওই পরিবর্তনগুলো উপভোগ করছি। ভবিষ্যতেও আমি এই ছবিগুলো দেখে আনন্দ পাব।’
প্রসবোত্তর অভিজ্ঞতা শেয়ার করে সমালোচনার মুখে সানা খান
সামিরা খান মাহি ঈশ্বরদীতে কেন? 