মস্কোয় বিস্ফোরণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:১১ এএম

ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও তার এক সহকারী নিহত হয়েছেন। ইউক্রেনীয় একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। নিহত কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। তিনি নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান ছিলেন।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, গতকাল মঙ্গলবার রাজধানী মস্কোয় এক আবাসিক এলাকার বাইরে স্কুটারে লুকানো বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়ে তারা মারা যান। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র দাবি করেছে, কিরিলভ তাদের ‘বৈধ লক্ষ্য’ ছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও করেছে সূত্রটি। তবে দেশটির সরকার কিরিলভের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত সোমবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী টেলিগ্রামে এক পোস্টে অভিযোগ করে, কিরিলভ ব্যাপকভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী। ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহারে তদারকির অভিযোগে গত অক্টোবরে যুক্তরাজ্য কিরিলভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেনের দাবি, কিরিলভের নেতৃত্বে রাশিয়া ৪ হাজার ৮০০ বারেরও বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত