বিয়ে করেছেন ‘হাজার বছর ধরে’র নায়িকা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ এএম

বিজয় দিবসে বিয়ে করলেন ‘হাজার বছর ধরে’র নায়িকা শারমীন জোহা শশী। তার বরের নাম খালিদ হোসাইন অভি। তিনি অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, ডাবিং পরিচালনা করেন।

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে গত সোমবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানান শশী।

দেড় বছর আগে কোরীয় ড্রামার ডাবিংয়ের সূত্রেই তাদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন খালিদ হোসাইন। খালিদ নিজেই এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ডাবিংয়ের জন্য শশীকে ডাকেন। ‘রিপ্লাই ১৯৯৮’ নামের সিরিজের ডাবিং ঘিরেই তাদের প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।

শশী বলেন, ‘প্রায় দেড় বছর আগে আমাদের পরিচয়। এর মধ্যে দীর্ঘদিন ধরেই আমাদের কথা হতো। আমাদের একের অন্যের কাছে নিজেদের যোগ্য মনে হয়েছে। দুজনই এমন লাইফ পার্টনার খুঁজছিলাম। চার-পাঁচ মাস আগে আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করার। অবশেষে বিয়ে করে ফেললাম।’

অভিনেত্রী জানান, এখনই সবাইকে জানাতে চাননি। তাদের বিয়েতে বরের মা-বাবা ও ভাই এবং তার মা ও ভাই উপস্থিত ছিলেন। শশীর বাবা বেঁচে নেই। তবে শিগগিরই সহকর্মী ও আত্মীয়স্বজনকে নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত