তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। রায়ের পর আলোচনায় এসেছে, এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো কি না। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক অবস্থান, পরবর্তী নির্বাচন ইত্যাদি নানা প্রসঙ্গ। তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি ত্রয়োদশ সংশোধনী মামলার রিভিউ (রায় পুনর্বিবেচনা) শুনানি নিষ্পত্তি ও রায় পাওয়ার মাধ্যমে সমাধান হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলে অন্তর্বর্তী সরকারই হতে পারবে তত্ত্বাবধায়ক সরকার।
গতকাল হাইকোর্টের রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এটার (পঞ্চদশ সংশোধনী মামলা) ত্রয়োদশ সংশোধনীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) মামলা বিচারাধীন আছে। এখানে (হাইকোর্টের রায়) যে ফাইন্ডিং তাতে আপিল বিভাগ একটা সিদ্ধান্ত নিতে পারে।’
ত্রয়োদশ সংশোধনী মামলার চূড়ান্ত রায়ের পর এই সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে পারবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নিশ্চই পারবে। কারণ আজ (গতকাল) রায়ের মধ্যে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে এই সরকার করা হয়েছে। এই সরকারের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিকতার কোনো সুযোগ নেই।’ এ সময় অন্তর্বর্তী সরকারের নাম বদলে তত্ত্বাবধায়ক সরকার করা যাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘যেমন জেলা ও দায়রা জজ একজন ব্যক্তি। কিন্তু যখন তিনি দেওয়ানি মামলা করেন তখন জেলা জজ। আর যখন ফৌজদারি মামলা করেন তখন দায়রা জজ।’
অন্তর্বর্তী এই সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচন আয়োজন করতে পারবে কি না এমন প্রশ্নে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, ‘কেন পারবে না? এখানে সংসদের প্রয়োজন হবে না। এই সরকার রিনেমড (নতুন নাম) ভাবে পারবে। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কোনো জায়গা নেই।’ সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়াটা কী হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা ত্রয়োদশ সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট ঠিক করতে পারবে।’
তবে, অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন উল্লেখ করে পঞ্চদশ সংশোধনী মামলায় রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘অন্তর্বর্তী সরকার অবশ্যই নির্বাচনের আয়োজন করতে পারবে এ ব্যাপারে আমি ওনার সঙ্গে একমত। তবে, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল বর্তমান সরকার কিন্তু সে ধরনের কোনো সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়াও সম্পূর্ণ ভিন্ন। অন্যদিকে বর্তমান সরকার একটি অন্তর্বর্তী সরকার। একটা সাংবিধানিক শূন্যতার কারণে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে আপিল বিভাগের মতামত নিয়ে এই সরকার তৈরি হয়েছে। নির্বাচন আয়োজন পর্যন্ত তাদের দায়িত্ব শেষ।’
অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশ্লেষক ড. শাহদীন মালিক দেশ রূপান্তরকে বলেন, ‘উনি হয়তো আদালতে শুনানিতে ছিলেন। যে কারণে তিনি বলেছেন। কিন্তু আমি এখনো রায়টি দেখিনি। রায় না দেখে এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না।’
