অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে সুইডেন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ এএম

সুইডেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিরীহ মানুষের জীবনহানির জন্য দুঃখ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বলেন, সুইডেন বাংলাদেশে স্বাস্থ্যসেবা, মাতৃসেবাসহ নানা বিষয়ে সহযোগিতা করে যাচ্ছে। মিডওয়াইফারি এবং প্রজনন স্বাস্থ্যে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) ভূমিকা বেশ প্রশংসনীয়।

সাক্ষাতে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক! আমাদের উন্নয়ন সহযোগিতা বহু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। এখন আমরা আনন্দিত যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। আমরা আমাদের অংশীদারত্বে বড় সম্ভাবনা দেখি এবং আমাদের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করি। বাংলাদেশ একটি সন্ধিক্ষণে রয়েছে।’

সাক্ষাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, সরকার আগামীতে রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইডিসিএলকে একটি দক্ষ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়।

স্বাস্থ্যসেবা বিভাগের  সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফেলিক্স হেলগেসন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত