গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘গণঅভ্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা চাইছে, সব বিচার শেষ করে নির্বাচন হবে। অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে। সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে হবে না। আজ থেকে ১০-২০ কিংবা ৫০ বছর পর কী হবে, সেই কথাও ভাবতে হবে।’ গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘বলা হবে, ২০১৪-১৮ সালের নির্বাচনে যা হয়েছে, ২০২৪-২৫ সালের নির্বাচনেও তা-ই হয়েছে। সুতরাং এই সবকিছুর চিন্তা মাথায় রেখেই আমাদের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে।’
রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে, তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কী হবে? একটা কি মারামারি, রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? আমি মনে করি, এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখে বলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ-আলোচনা হওয়া উচিত। এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান এই আলাপ-আলোচনার মধ্য দিয়েই হওয়া উচিত।’
