বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হোটেল ম্যানেজার খুন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০১ এএম

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপুল মিয়া (৪২) নামে একটি আবাসিক হোটেলের ম্যানেজার খুন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল দুপুর দেড়টার দিকে সানসাইন আবাসিক হোটেলের গেটে দুর্বৃত্তরা বিপুলের পেটে ও বুকে ছুরিকাঘাত করে। বুধবার সকাল ৯টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য জানিয়েছেন।

নিহত বগুড়া শহরতলীর মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি জানায়, দুপর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সাথে বিপুলের তর্ক বিতর্কের একপর্যায় তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় বিপুল মারা যান।

স্থানীয়রা জানান, সানসাইন নামের ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপন করে।

পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোন সিসিটিভি ফুজেট পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত