গাজীপুরের শ্রীপুরের তাবলীগের দুই গ্রুপের চলমান দ্বন্দ্বের জেরে মাওলানা জুবায়ের অনুসারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। দুই ঘণ্টাব্যাপী চলা অবরোধের কারণে এ মহাসড়কের দুই লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে এ পথে চলাচালকারী বিভিন্ন যানবাহন ও যাত্রীরা।
আজ বুধবার সকাল ১০টার দিকে উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে মুসল্লিরা মাওনা পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে মাওনা পল্লীবিদ্যুৎ মোড় ও আশপাশের এলাকাগুলোতে মাওলানা জুবায়ের পন্থী মুসল্লিরা জড়ো হতে থাকেন। সকালে সাড়ে ১০টার দিকে সড়কের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় বিপুল সংখ্যক মুসল্লি একত্রিত হন। তারা ব্যানার নিয়ে মিছিল বিক্ষোভ করতে থাকেন। সড়ক অবরোধের জন্য বিক্ষুব্ধ মুসল্লিরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে মিছিল করেন। মুসল্লিদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলার ফলে অন্তত দুই ঘণ্টা সব যানবাহন চলাচল বন্ধ থাকে।
মাওলানা জুবায়ের পন্থীদের দাবি, টঙ্গীর ইজতেমা এলাকায় কদিন আগে মাওলানা সাদপন্থীদের হামলায় মাওলানা জুবায়ের অনুসারী একজন নিহত হন। তারা দাবি তোলেন নিহতের ঘটনায় জড়িত সাদপন্থীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া মাওলানা সাদকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া জুবায়েরপন্থী জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার চাই। সন্ত্রাসী গোষ্ঠীর কাউকে টঙ্গী ইজতেমা ময়দান তথা বাংলাদেশে যেন ঢুকতে না দেওয়া হয় সে ব্যবস্থা করতে হবে। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ আমাদের এই বিক্ষোভ আন্দোলন চলমান থাকবে।’
মাওনা হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘসময় যানজট লেগেছিল মহাসড়কে। পরে থানা পুলিশসহ আমরা বিক্ষোভকারী মুসল্লিদের সঙ্গে কথা বলে তাদের সরানো হয়। এখন ধীরে ধীরে যান চলাচল করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট সরে যাবে।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছি। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছি। তারা আপাতত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে।’
৩০০ ফিটে কলেজছাত্রীর পর বন্ধু কাব্যের মরদেহ উদ্ধার
অস্কারের তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশি সিনেমা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় জরিমানার মুখে বাদশা