বাংলাদেশের মানুষ আজ খুব খুশি: লিটন দাস

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজে দলের নেতৃত্বে লিটন দাস। অনেকদিন ধরেই লিটনের ব্যাটিং খুব বাজে যাচ্ছে। প্রথম ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মারার পর আজ করেছেন মাত্র ৩ রান। তবে অধিনায়ক হিসেবে লিটন ছিলেন দুর্দান্ত। রীতিমতো ফুল মার্কস পাওয়ার দাবিদার।

সেন্ট ভিনসেন্টের উইকেট ছিল ব্যাটারদের জন্য বধ্যভূমি। একমাত্র শামীম পাটোয়ারী পাল্টা আক্রমণ করে ম্যাচসেরা হয়েছেন। রেকর্ড বইয়ে লেখা হয়েছে, লিটনের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই লিটনও উচ্ছাস প্রকাশ করলেন, ‘শুধু আমি নই, বাংলাদেশের মানুষ আজ খুব খুশি। আমরা এমন জয়ের দিকেই তাকিয়ে ছিলাম।’

শামীম যখন ব্যাটিংয়ে আসেন, তখন ১৪.২ ওভারে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই অবস্থায় শামীম খেলেন ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস। তাই এই সিরিজ জয়ে শামীমকে কৃতিত্ব দিতে ভুলেননি লিটন, ‘যখন আমি (ম্যাচের) প্রথম বলটা খেললাম, তখনই বুঝতে পারলাম, এই পিচে ব্যাট করা খুব কঠিন হবে। শামীমকে ধন্যবাদ, সে সত্যিই দারুণ ব্যাটিং করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত