আওয়ামী লীগ এবং তাদের বিদেশি প্রভুরা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আজ বুধবার বিকেলে রাজাবাজারে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমিনুল হক বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে এমন কেউ নেই যারা দেশের কোনও ক্ষতি করতে পারে। কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, উজ্জীবিত ও সতর্ক। আমাদের সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে। গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে আমাদের দ্বারা যাতে এ রকম কোনও ভুল না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগার স্থাপন করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার টর্সাল সেলের মাধ্যমে বাংলাদেশের জনগণের ওপর নির্মম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। আয়না ঘরে বছরের পর বছর ধরে একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে।
ওয়াসিম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আমির হোসেন রুবেলের সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নম্বর সদস্য সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ ওয়াসিমের বাবা মোহাম্মদ শফিউল আলম, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল ইসলাম রিয়াজ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য তাসলিমা রিতা, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরে বাংলা নগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদার, নাজনীন হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শামীম আনোয়ার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।
সংস্কার শেষেই নির্বাচন করার ম্যান্ডেট আছে
স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ প্রত্যাখ্যান