একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে আল্লু অর্জুনের এই ছবি। বলিউডেও এই দক্ষিণী তারকার জয়জয়কার। কিন্তু বলিউডে এই প্রজন্মের মহাতারকার জায়গা কে পাবেন? উত্তর দিলেন আসন্ন ছবি ‘বেবি জন’-এর পরিচালক ক্যালিস। তিনি ‘জওয়ান’ ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন।
‘বেবি জন’-এর প্রচার ঝলকেই নজর কেড়েছেন বরুণ ধওয়ান। এই মুহূর্তে চলছে ছবির প্রচার। বড়দিনে মুক্তি পাবে ‘বেবি জন’। এক দিকে এই ছবি পারিবারিক, অন্য দিকে রয়েছে বিশেষ বার্তা। সব ধরনের উপাদান থাকায় এই ছবি বক্স অফিস কাঁপাবে বলে অনুমান ক্যালিসের। আল্লু অভিনীত ‘পুষ্পা ২’ নিয়েও নাকি তারা খুব একটা চিন্তিত নন। তাদের ধারণা এই ছবি রীতিমতো টেক্কা দেবে।
বরুণের সঙ্গে এটাই প্রথম কাজ ক্যালিসের। বরুণের অভিনয় দেখে নাকি তিনি স্তম্ভিত। তার কথায়, ‘বরুণ খুবই প্রতিভাবান। ছবিতে খুবই ভাল অভিনয় করেছেন। আবেগী দৃশ্য হোক বা লড়াইয়ের দৃশ্য, ওর অভিনয়ের পরিধি বিরাট বড়। সব অভিনেতার এমন দক্ষতা থাকে না। এই ছবিতে বরুণের অভিনয় সকলকে চমকে দেবে। বলিউডের আল্লু অর্জুনের জায়গা করে নেবেন বরুণ।’
ক্যালিসের দাবি, বরুণ সব ধরনের চরিত্রে সাবলীল। নাচের দৃশ্য থেকে গুরুগম্ভীর দৃশ্য, সব চরিত্রেই তিনি মানানসই। তাই দক্ষিণী চলচ্চিত্র জগতে আল্লু অর্জুনের যেমন খ্যাতি, বলিউডে সেই জায়গা পাবেন বরুণ।
