কক্সবাজারে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া উপজেলার আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা গ্রামেন মৃত ছৈয়দ আলমের ছেলে অটোরিকশা চালক মনিরুল মান্নান (২২), চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মধ্যম মাদার্শা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), ফিরোজের স্ত্রী শাহিন আক্তার (২৮) ও ছেলে জাহেদুল ইসলাম (৬ মাস)।

এছাড়া ওই দম্পতির আরও দুই সন্তান শাহেদ (৭) এবং জান্নাত আক্তার (৪) গুরুতর আহত হয়েছে। তবে নিহত আরও একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ওসি সিরাজুল মোস্তফা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত এবং আহত হন দুইজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত