শ্রদ্ধা কাপুর কি প্রেম করছেন? বহু দিন ধরেই এই জল্পনা চলছে বি-টাউনে। তবে দিন কয়েক আগেই শ্রদ্ধার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ফের সাবেক প্রেমিক রাহুলের প্রসঙ্গ উঠে আসে। তাই অভিনেত্রীর প্রেমের অবস্থান নিয়ে তার অনুরাগীদের মনে নানা প্রশ্ন। কিন্তু এক আলোচনা সভায় এই প্রশ্ন শুনেই রেগে গেলেন শ্রদ্ধা।
বলিউডের মিষ্টি নায়িকা হিসাবেই পরিচিত শ্রদ্ধা। কিন্তু প্রয়োজনে তিনি প্রতিবাদ করতেও পিছপা হন না, দেখিয়ে দিলেন শ্রদ্ধা। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন রাখেন, ‘আমরা কার্তিক আরিয়ানকে জিজ্ঞেস করেছিলাম, বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চান? তখন তিনি চার অভিনেত্রীর নাম উল্লেখ করেন। তাদের মধ্যে আপনার নামও রয়েছে। কিন্তু কার্তিক এ-ও বলেন, চার জনই নাকি সম্পর্কে রয়েছেন। তিনি কিন্তু সবটা বলেই দিয়েছেন। কথাটা কি সত্যি?’
শ্রদ্ধার মুখে স্পষ্ট ধরা পড়ে অস্বস্তি। খোঁচা দিয়ে অভিনেত্রী পাল্টা প্রশ্ন রাখেন, এই আলোচনা সভার জন্য সঠিক প্রশ্ন এটি? ফের সেই সঞ্চালক একই প্রশ্ন করেন। শ্রদ্ধা তখন বলেন, ‘ওর (কার্তিক) যা বলার বলেছে। আমাকে জিজ্ঞেস করার মতো কোনও প্রশ্ন আপনার কাছে রয়েছে?’ ফের সেই সঞ্চালক সরাসরি প্রশ্ন রাখেন, ‘আপনি কি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন?’ শ্রদ্ধার পাল্টা জবাব, ‘আপনি নিশ্চিত, এই প্রশ্ন এই আলোচনা সভার জন্য ঠিক?’
