শান্তর ব্যাটে ঝড়, ছিটকে গেল সিলেট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে আবারও নিজের সামর্থ্যের ঝলক দেখালেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের ম্যাচেই দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি-তুলে নিয়েছিলেন ৮০ রান। এরপর টানা তিন ম্যাচে ব্যাটে তেমন কিছু করতে না পারলেও শেষ ম্যাচে রানে ফিরলেন জাতীয় দলের অধিনায়ক। ৪৮ বলে ৭৮ রানের একটি ঝলমলে ইনিংস খেলে দলকে এনে দিলেন ২৬ রানের জয়। উত্তরবঙ্গের বিভাগটির জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সিলেট। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে রাজশাহী তাদের নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ১৮১ রানের পাহাড়সম সংগ্রহ। ওপেনিংয়ে নেমে শান্ত খেলেন ৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো অনবদ্য ইনিংস। যদিও আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল রাজশাহীর, তবে এই জয় দিয়ে আসর শেষ করল তারা। 

অন্যদিকে, সিলেটের সামনে ছিল বাঁচা-মরার লড়াই। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন জিশান আলম। তার ৬০ রানের ইনিংস সিলেটকে জয়ের স্বপ্ন দেখালেও তার বিদায়ের পরই ম্যাচের মোড় ঘুরে যায়। 

জিশানের আউটের পর ১২৬ রানে থাকা সিলেটের ইনিংসে ধস নামান রাজশাহীর বোলাররা। আসাদউজ্জামানের দারুণ স্পেল আর শান্তর মিতব্যয়ী বোলিংয়ে মাত্র ১৮ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত সিলেট থামে ৮ উইকেটে ১৫৫ রানে।

রাজশাহীর হয়ে আসাদউজ্জামান ছিলেন দুর্দান্ত, আর শান্তর অলরাউন্ড পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। শেষ ম্যাচে এমন জয় রাজশাহীর জন্য স্বস্তির হলেও সিলেটের জন্য বিদায়ের হতাশা নিয়েই শেষ হলো আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত