সেন্টমার্টিনে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৩৫ বছর বলে জানান তিনি।

গিয়াস উদ্দিন বলেন, সকালে জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পিছন দিকে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি ছিদ্র রয়েছে। লাশটি ফুলে ফেঁপে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে।

ওসি বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। পুলিশ ধারণা করছে, অন্তত ৪/৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান, গিয়াস উদ্দিন।

তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত