যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ সংবাদ সম্মেলনে হাজির হয়ে পুতিন এমন হুমকি দেন।

কয়েক ঘণ্টাব্যাপী এ সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ক্ষেপণাস্ত্র দ্বন্দ্বের’ জন্য প্রস্তুত মস্কো।’ এছাড়া রাশিয়ার সর্বশেষ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ যেকোনো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই পরাজিত করতে পারবে বলেও জানান তিনি।

তবে মার্কিনিদের সঙ্গে দ্বন্দ্বের অবসানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলেও জানান পুতিন। ‘ওরেশনিক’ সমসাময়িক অস্ত্র হলেও এতে পূর্ববর্তী রাশিয়ান ক্ষেপণাস্ত্র নকশার উপাদান অন্তর্ভুক্ত রয়েছে জানান তিনি।

এর আগে গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। নতুন নীতি অনুযায়ী, পরমাণবিক অস্ত্র নেই এমন কোনো দেশ যদি পরমাণবিক ক্ষমতাধর অন্য রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায়, তবে এই হামলা রাশিয়ার ওপর এটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে।

এ প্রসঙ্গে সাংবাদিকরা রুশ প্রেসিডেন্টের কাছে জানতে— পশ্চিমাদের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া গেছে কি না? জবাবে পুতিন বলেন, ‘আমি জানি না, তাদের জিজ্ঞাসা করুন। নতুন নতুন সামরিক হামলার হুমকি আসছে... যেমন ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা তৈরি হচ্ছে।

পুতিন বলেন, যদি রাশিয়াকে কোনো দেশ হুমকি দেয়, তাহলে রাশিয়া মনে করে, সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার তাদের আছে।

উল্লেখ্য, মার্কিন অ্যাটাকমস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ব্যবহার করে পশ্চিমাদের অনুমতিতে রুশ ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২১ নভেম্বর দেশটির দনিপ্রো শহরে প্রথম ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া।

সেসময় পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, দনিপ্রোতে নিক্ষেপ করা মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি পরমাণু বহনে সক্ষম। ধারণা করা হচ্ছে, প্রায় ৫ হাজার ৫০০ কিলোমিটার রেঞ্জের এ ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে থেকে ছোড়া হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত