বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আবু মোকাদ্দেম আলী (৫৯) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লীবিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে মুরাদপুর নামক স্থানে রংপুর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
রাত ৮টার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আবু মোকাদ্দেম আলী (৫৯) বিপি- ৬৫৯৩০৫৯০০৮। দিনাজপুর সদর উপজেলায় তার বাড়ি। কিন্তু বর্তমানে পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেলযোগে দিনাজপুর হতে বগুড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তিনি সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিয়মানুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্তের নির্দেশ: হাইকোর্ট
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে একজোড়া ট্রেন