বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

‘আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই’- নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানির করেছে আওয়ামী লীগ।

বার্তায় আরও বলা হয়েছে, আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনও রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যেকোনও রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।

বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত