সময়ের দুই শীর্ষ তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারে তাদের একসঙ্গে বহু নাটকে দেখা গেছে। ভিন্ন ভিন্ন গল্পে ও চরিত্রে হাজির হয়ে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। ‘বড় ছেলে’ নাটক দিয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় এই জুটি।
দুজনেই এই মুহূর্তে টেলিভিশনের সবচেয়ে শীর্ষ তারকা। এর মধ্যে অপূর্বকে চলচ্চিত্রে দেখা গেলেও মেহজাবীনকে পাওয়া যায়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তিনিও এলেন বড় পর্দায়। সবচেয়ে মজার বিষয় হলো, একই দিনে বড় পর্দায় অভিষেক ঘটছে ‘বড় ছেলে’ জুটির। তবে প্রথম সিনেমা দিয়ে মেহজাবীনের দেশে অভিষেক ঘটলেও অপূর্বর অভিষেক হচ্ছে কলকাতায়।
আজ শুক্রবার দেশের ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। অন্যদিকে কলকাতায় মুক্তি পেয়েছে অপূর্বর দ্বিতীয় সিনেমা ‘চালচিত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনেই দুজনের সিনেমার ট্রেলার শেয়ার দিয়ে শুভকামনা জানিয়েছেন।
একই দিনে দুজনের সিনেমা মুক্তির বিষয়টি কাকতালীয় মনে করে দেশ রূপান্তরকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমাদের দুজনের সিনেমা একই দিনে মুক্তি পাচ্ছে, এটা একদমই কাকতালীয়। তবে জেনে ভীষণ ভালো লাগছে। অপূর্ব ভাইয়া এবং আমি দুজনেই অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একইভাবে আমাদের ‘বড় ছেলে’ পরিচালক মিজানুর রহমান আরিয়ান ভাইয়াও। আমাদের তিনজনের এক হয়ে করা সেই নাটক একটা মাইলস্টোন তৈরি করেছিল। আমার বিশ্বাস আমাদের দুজনের সিনেমাও এরকম একটা মাইলফলক তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘আমি অপূর্ব ভাইয়ার ‘চালচিত্র’ সিনেমার ট্রেলার দেখেছি। ভীষণ ভালো লেগেছে। এবং সেটা শেয়ারও করেছি। আমি নিজেও উনার একজন ফ্যান। উনার সিনেমার জন্য আমার অনেক শুভকামনা। যদি এই মুহূর্তে কলকাতায় যাওয়ার সুযোগ থাকত, তাহলে আমি অবশ্যই সেখানে গিয়ে সিনেমাটি দেখতাম। যেহেতু এখন সে সুযোগ নেই, আপাতত অপেক্ষায় থাকতে হবে।’
এদিকে নিজের সিনেমা মুক্তি নিয়ে যতটা না উচ্ছ্বসিত ঠিক ততটাই নার্ভাস মেহজাবীন। তিনি বলেন, ‘নিজের প্রথম সিনেমা, উচ্ছ্বসিত তো বটেই। খানিকটা নার্ভাসও। এটা তো অনেকটা পরীক্ষার মতো। তবে যা করার তা তো করেই ফেলেছি। এখন বাকিটা দর্শকের হাতে।’
‘প্রিয় মালতী’ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট, আনিসুল হক বরুণ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আদনান আল রাজীব, হাবিবুর রহমান তারেক।
অন্যদিকে ‘চালচিত্র’ পরিচালনা করেছেন প্রতীম ডি গুপ্ত। এতে অপূর্ব ছাড়া আরও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, স্বস্তিকা দত্ত প্রমুখ।
