অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।
এদিকে অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে না বিধায় মুক্তিযোদ্ধা দলের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি জানান, আগামী ২১ ডিসেম্বরের সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরে তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।
