ক্ষমতা নয়, দায়িত্ব নিতে চাই : নজরুল ইসলাম খান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা  না, দায়িত্ব নিতে চাই। দায়িত্ব এ কারণে নিতে চাই যে, আমার যে ভাইটা খুন হয়েছে তার পরিবারকে সহযোগিতা করতে চাই। আমার যে ভাইটা গুম হয়েছে, আমি তার মুক্তির চিন্তা করতে চাই। যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা হয়েছে, যারা কষ্ট করেছে আমি এটার পরিবর্তন চাই। আমি চাই আমার দেশের যে কৃষক তাদের উৎপাদিত সামগ্রীর ন্যায্যমূল্য পায়নি, আমি তাদের ন্যায্যমূল্য দিতে চাই। আমরা শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি দিতে চাই। ভোক্তাদের ন্যায্যমূল্যে তার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীই দিতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা চাকরি না হওয়া পর্যন্ত বেকারদের ভাতা দিতে চাই। 

জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মানুষ গণতন্ত্র চায়, যেটা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। স্বস্তির জীবন চায়, যেমনটা পেয়েছিল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে। তারা উন্নয়নের দিকে এগোতে চায়, যেটা শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। আমরা কখনো ভুলে যাব না, আমাদের যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন। তাদের পরিবার-পরিজনদের প্রতি আমাদের দায়িত্ব আছে।

গতকাল বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম খান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আবদুল ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, বিএনপির নির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি, জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, যারা নিঃস্ব হয়েছেন, যারা বাড়িতে থাকতে পারেননি। যারা চাকরি হারিয়েছেন, যাদের ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি অবশ্যই দায়িত্ব আছে আমাদের। এটার পাশাপাশি যে কারণে কষ্ট করেছে, সেটাও দূর করতে হবে। আমরা এক দফা আন্দোলন করছিলাম। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। জুলাই-আগস্টে ফ্যাসিবাদ-স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে, যখন এ দেশের মানুষ নিশ্চিতে, নির্বিঘেœ, নির্ভয়ে তার পবিত্র ভোট আমানত দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।

সভাপতির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত ভারতীয় ষড়যন্ত্র ও আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড ও কেন্দ্র ঐক্যবদ্ধ হয়ে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান।

এ সময় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত