স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। বিশ্ব ইজতেমার যে নির্ধারিত তারিখ রয়েছে, সেই সময়েই ইজতেমা হবে। সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। ইজতেমা ময়দানে সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইজতেমা নিয়ে রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদ ও জুবায়ের দুই পক্ষই আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী ৩১, ১ ও ২ তারিখেই ইজতেমা হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন নয়, যেকোনো পরিস্থিতিতে পুলিশ প্রস্তুত রয়েছে। দেশে অপারেশনাল পুলিশ সদস্য রয়েছে ২ লাখ ২ হাজার। প্রায় ১২ হাজারের মতো রয়েছে সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল।
