প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শুরু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ ও স্থাপনের কাজ শেষে এটির স্টার্টআপের জন্য গত বুধবার থেকে শুরু হয়েছে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা।

এ পর্যায়ে ইউনিটের সব যন্ত্রপাতি ও মেকানিজমের কার্যক্ষমতা যাচাই করা হবে। প্রথমবারের মতো রিয়্যাক্টর কুল্যান্ট পাম্পগুলো চালু ও পরীক্ষা করে দেখা হবে। কোনো পারমাণবিক জ¦ালানির ব্যবহার ছাড়াই ইউনিটের সার্বিক পরীক্ষা-নিরীক্ষা চলবে। ডিজাইন প্যারামিটার অনুযায়ী সব ইকুইপমেন্টের কার্যক্ষমতা নিশ্চিত হওয়ার পর স্টার্টআপ অপারেশনে যাবে বিদ্যুৎ ইউনিটটি।

রসাটমের প্রথম উপমহাপরিচালক ও এএসইর প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভ বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের স্টার্টআপের জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় সব অপারেটিং মোডে ইউনিটের প্রসেস সিস্টেমের কার্যদক্ষতা যাচাইয়ের জন্য আমরা ব্যাপক হারে পরীক্ষা-নিরীক্ষা চালাব।’ তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অর্পিত সব দায়িত্ব পালন এবং আমাদের প্রযুক্তির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে এবং এটি থেকে ভবিষ্যৎ প্রজন্ম বিশেষভাবে লাভবান হবে।’

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে দুটি বিদ্যুৎ ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর, যা সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত