জাকের আলীর ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংসে সেন্ট ভিনসেন্টে শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ১৮৯ রান তুলেছে বাংলাদেশ।
ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা করে দিয়েছিলেন সৌম্য সরকারের চোটে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন। তিনি করেন ৩৯। মেহেদী মিরাজ করেন ২৯। পরে তানজিম সাকিবকে নিয়ে পঞ্চাশ ছোঁয়া জুটি ও ক্যারিয়ার সেরা ইনিংসে শেষ করেন জাকের আলী।। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ সর্বোচ্চ ১০ ছক্কা হাকিয়েছে আজ। চলতি সিরিজেই ৯ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।
১৪ রান করা লিটনের আউটে ভেঙেছিল ৪৪ রানের উদ্বোধনী জুটি। ইমন আউট হন ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ২১ বলে ৩৯ রান করে। তানজিদ তামিম করেন ৯। ১০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৭৬/৩। ১৩তম ওভারে ১০০ পেরোয় বাংলাদেশ।
আগের তিন ব্যাটসম্যানের মতো মিরাজও বিগ হিট মারতে গিয়ে আউট হন। ৩১ বলে ৩৭ রানের জুটি ভাঙে।
১৫তম ওভারে হয় নাটকীয়তা। তৃতীয় বলে ২ রান নিতে চেয়েছিলেন জাকের। ১ রান নেওয়ার পর জাকের দৌড় শুরু করলেও শামীম সাড়া দেননি। প্রথম ভাবা হয়েছিল জাকের রান আউট। কারণ দুজনেই এক প্রান্তে! রাগে গজরাতে গজরাতে জাকের ড্রেসিংরুমে ফিরেও গিয়েছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেন, ওই প্রান্তে শামীমের আগে জাকের ক্রিজে ব্যাট প্লেস করেছেন। অর্থাৎ জাকের নয়, শামীম রান আউট! ততক্ষণে জাকের ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন!
জাকের ফিরলেন মাঠে। শামীম চলে গেলেন ড্রেসিংরুমে। ক্রিজে এলেন মেহেদী হাসান। ৪ বলে ২ রানে ফিরেন আগের ম্যাচের সেরা শামীম। ওভারের পঞ্চম বলে রান চুরি করতে গিয়ে আউট শেখ মেহেদী। কোনো বল না খেলেই শূন্য রানে ফেরেন তিনি।
প্রথম রানআউটের সময় ১৮ রানে থাকা জাকের এরপর তানজিম জাকিবকে নিয়ে ২৭ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরে নিয়ে গেছেন। এর মধ্যে সাকিবের অবদান ১২ বলে ১৭। ১৮তম ২০ রান তোলেন তারা। আলজারি জোসেফের করা শেষ ওভারে ২৫ রান তোলে বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে ছক্কা মেরেছেন জাকের। তৃতীয় বলে মারা ছক্কাটি হতে পারে এই সিরিজের সেরা শট। আলজারির ওয়াইড লেংথের বল টেনে লং অন দিয়ে তুলে দেন জাকের। চতুর্থ বলটি ছিল ফুল টস। এক্সট্রা কাভার দিয়ে ছক্কা! শেষটি একেবারে স্টেডিয়ামের বাইরে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (লিটন ১৪, পারভেজ ৩৯, তানজিদ ৯, মিরাজ ২৯, জাকের ৭২*, শামীম ২, মেহেদি ২, তানজিম ১৭, রিশাদ ০*; সিলস ২-০-১৮-০, শেফার্ড ৪-০-৩০-২, জোসেফ ৪-০-৫৯-১, চেজ ৪-০-১৫-১, মোতি ৩-০-৩০-১, ম্যাকয় ৩-০-৩৫-০)
