দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো আগামীকাল শনিবার মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা জামায়াতের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে পোস্টার, লিফলেট, মাইকিং, প্রচার মিছিল, মিটিং, প্রচারপত্র, ব্যানার, ফেস্টুন, তোরণের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। সম্মেলন সফল করতে জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের কাছে যাচ্ছেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নিজ জেলা হওয়ায় ব্যাপক প্রচরাণা চলছে। সাধারণ মানুষেরও আগ্রহ জন্মেছে এই অনুষ্ঠান ঘিরে।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, স্বাধীনতার ৫৩ বছরে মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে এ রকম কোনো সম্মেলন হয়নি। প্রথমবারের মতো শনিবার খোলা মাঠে সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনে জনে দাওয়াত পৌঁছানো হচ্ছে শনিবারের সম্মেলনের। ধারণা করা হচ্ছে এই সম্মেলনে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে। সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার জেলার বাসিন্দা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী বলেন, জেলার প্রত্যেকটি এলাকায় সম্মেলনকে কেন্দ্র করে আমেজ বিরাজ করছে। কর্মীরা উজ্জীবিত হয়ে মাঠে ময়দানে কাজ করছে। আমরা আশাবাদী দলমত নির্বিশেষে ব্যাপক মানুষের উপস্থিতি হবে।
ঐতিহাসিক এই সম্মেলনকে ঘিরে মৌলভীবাজারে মানুষের মাঝে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে জানিয়ে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ৫৩ বছর পর মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলন হচ্ছে। আমরা দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন পাশাপাশি সারাদেশের মতো মৌলিক কথা বলার অধিকার হারিয়ে ছিলাম। এ রকম উন্মুক্ত পরিবেশে জেলার সকল মানুষের মাঝে আগ্রহ-উচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। বিপুল সংখ্যক লোকসমাগম ঘটবে।
তিনি বলেন, দেশের সংস্কারের জন্য আমরা একটি পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনের পরিবর্তশীল বাংলাদেশের জন্য আমাদের সম্মেলন একটি মাইলফলক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য মাঠের চারদিকে আমাদের সাপোর্টিং থাকবে। মানুষ যাতে নির্বিঘ্নে সম্মেলন উপভোগ করতে পারে এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
একদিনের জন্য হলেও হাসিনাকে আয়নাঘরে যেতে হবে: ফারুক
বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দাবি করে প্রচারিত ভিডিওটি গুজব
ব্যাংকে ডাকাতির চেষ্টা: তিন আসামির রিমান্ড চাইবে পুলিশ