ডেঙ্গুতে আক্রান্ত ১ লাখ ছাড়াল 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬১ জনে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। তাদের নিয়ে এ বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত ১ লাখ ২৯ জনে দাঁড়াল।

আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৪১ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন করে বরিশাল ও খুলনা বিভাগের বাসিন্দা রয়েছেন।

এতে আরো বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৭০ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং রাজশাহী বিভাগের ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত