রজার্সের মর্ম বুঝল ম্যানসিটি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম

জিততে ভুলে গেছে ম্যানচেস্টার সিটি, কথাটি বললে বোধহয় ভুল হবে না। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭তম রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি সিটির ষষ্ঠ হার। অথচ গেল মৌসুমে লিগ জয়ের পথে সিটি হেরেছিল মাত্র তিন ম্যাচে। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচে এটি পেপ গার্দিওলার দলের নবম হার।

এই হারে ম্যানসিটি শিরোপা থেকে আরও দূরে সরে গেল। শীর্ষ চারে ওঠার সুযোগও হারাল তারা। ১৭ ম্যাচ শেষে ২৭ পয়েন্টে ম্যানসিটি এখন ছয় নম্বরে। ভিলার মাঠে এই নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে জিততে ব্যর্থ হলো ম্যানসিটি। এখানে ২০২২ সালে ১-১ ড্রয়ের পর গত বছর ডিসেম্বরে গার্দিওলার দল হেরেছিল ১-০ গোলে। পুরো ম্যাচে বল দখলে সিটি এগিয়ে থাকলেও আক্রমণে সমানতালে লড়েছে স্বাগতিকরা।

নিজেদের মাঠে ম্যাচের ১৬ মিনিটে মরগান রজার্সের পাস থেকে জন ডুরানের গোলে এগিয়ে যায় ভিলা। এ নিয়ে চলতি মৌসুমে নবম বার লিগে ম্যাচের শুরুতে গোল হজম করল সিটিজেনরা। ৬০ মিনিটে রজার্সের শট পোস্টে লাগে। তবে ৬৫ মিনিটে জন ম্যাকগিনের পাস থেকে বল পেয়ে গোল করেন রজার্স। প্রিমিয়ার লিগে এই প্রথম একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন রজার্স। অ্যাটাকিং মিডফিল্ডার রজার্স এই মৌসুমে লিগে ১৭ ম্যাচ খেলে ৫ গোল করেছেন। অ্যাসিস্ট হলো তিনটি। ম্যাচের যোগ করা সময়ে ফিল ফোডেন একটি গোল শোধ দেন। সিটির জার্সিতে লিগে এই মৌসুমে এটি প্রথম গোল ফোডেনের।

সিটির বিপক্ষে দারুণ খেলে রজার্স যেন ভুল প্রমাণ করলেন তার সাবেক দলকে। ২০১৯ সালে ম্যানসিটির বিপক্ষে এফএ ইয়ুথ কাপ সেমিফাইনালে দারুণ পারফরম্যান্স করে রজার্স নজর কেড়েছিলেন সিটি কোচের। ৪০ লাখ পাউন্ড খরচে সিটিতে এসেছিলেন তরুণ রজার্স। চার বছর সিটিতে ছিলেন। সিটির অনূর্ধ্ব পর্যায়ে খেললেও রজার্সকে মূল দলে সুযোগ দেননি পেপ গার্দিওলা। ধারে বিভিন্ন ক্লাবে খেলে বেড়ান রজার্স। এরপর এক মৌসুম মিডলসবুর্গে খেলে ২০২৪ এর শুরুতে (জানুয়ারির দল-বদলে) উনাই এমেরি রজার্সকে দেড় কোটি পাউন্ডে ভেড়ান অ্যাস্টন ভিলায়। গতকাল সিটির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে প্রমাণ করে দিলেন তিনি, তাকে ছেড়ে দেওয়াটা গার্দিওলার সিটির যেন বড় ভুলই ছিল।

হারের পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা প্রথমার্ধে ভালো খেলেছি তবে আমাদের খেলায় সমস্যা ও ভুল দুটোই ছিল। দ্বিতীয়ার্ধে আরও পিছিয়ে পড়ি আমরা। ভিলাকে অভিনন্দন (জয় পাওয়ায়)। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’ হালান্ডের বিশ্বাস গার্দিওলা উপায় খুঁজে বের করবেন। ‘ম্যানসিটি গেল সাত মৌসুমের মধ্যে ছয়বার লিগ জিতেছে। আমার বিশ্বাস তিনি (গার্দিওলা) উপায় খুঁজে বের করবেন। আমাদের নিজেদেরও কঠোর পরিশ্রম করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত