জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় নুরুল হক (৭৫) নামে এক প্রবীন সাংবাদিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পৌর শহরের বানিয়া বাজার এলাকার বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বানিয়া বাজার এলাকা থেকে বাইপাস সড়কে পায়ে হেঁটে বাগানবাড়ি এলাকায় পত্রিকা অফিসে ফেরার পথে দুই ইজিবাইকের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুরুল হকের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত সাংবাদিক নুরুল হকের জামাতা মো. জিয়াউর রাফি।

নুরুল হকের মৃত্যুতে জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত