ইতিহাস গড়া হলো না আয়েশার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

প্রথম শ্রেণির ক্রিকেট যুগে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দিনেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাহিদা আক্তার ও শারমিন সুপ্তা। একজন প্রথম ৫ উইকেট শিকারী। অন্যজন প্রথম ফিফটি অর্জনকারী। আজ আরেকবার ইতিহাসের পাতা খোলার সুযোগ ছিল ব্যাটার আয়েশা রহমানের। প্রথম সেঞ্চুরিটা নিজের করে নিতে পারতেন তিনি। কিন্তু সেটা হয়নি। তিনি থেমে গেছেন ৯৪ রানে।

সুযোগ ছিল রুবাইয়া হায়দার ঝিলিকেরও। তিনি ফিরেছেন ৮১ রান করে। এছাড়া অধিনায়ক রাবেয়া খান করেছেন ৭০ রান। তাদের ব্যাটে ভর করে সাউথ জোন ৯৩.৩ ওভারে ৩৪৭ রানে অলআউট হয়েছে।

তাদেরকে থামাতে ইস্ট জোনের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শরিফা খাতুন। দুটি উইকেট পেয়েছেন সাবেকুন নাহার।

প্রথম ইনিংসে ১৯৩ রানে গুটিয়ে যাওয়া ইস্ট জোন দ্বিতীয় ইনিংসে ২৬ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। সালমা খাতুন দুটি ও সানজিদা আক্তার মেঘলা নিয়েছেন একটি উইকেট।

দিনের অপর ম্যাচে সেন্ট্রাল জোন ৫ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করেছে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অপরাজিত আছেন ৮৫ রানে। মুর্শিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার লিসা ৬০ রান করে আউট হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত