চট্টগ্রামে জসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

চট্টগ্রামে ময়লার ডিপো থেকে বোতল এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ ও বিক্রির বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মো. জসিম নামের এক যুবককে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মো. সোহাগ ওরফে বড় সোহাগকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে  কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. সোহাগ নগরের বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া এলাকার মো. লোকমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ জানায়, নিহত জসিম নগরের আনন্দবাজারে চট্টগ্রাম সিটি করপোরেশনের টিজি কলোনির আরমান বিল্ডিংয়ের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি আনন্দ বাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিং করা বর্জ্য থেকে বোতল এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য কুড়িয়ে বিক্রি করতেন। আসামি সোহাগ সম্প্রতি তাকে ডিপো থেকে বোতল না কুড়ানোর জন্য ভয়ভীতি দেখান।

গত ১৭ ডিসেম্বর রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় সোহাগসহ অন্যান্য আসামিরা জসিমকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর নিহত জসিমের ভাই বাদী হয়ে বন্দর থানায় ১৩ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত